কুষ্টিয়া শহরে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাড়ির সামনে ওত পেতে জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইমন নামে এক স্কুলছাত্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া শহরে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাড়ির সামনে ওত পেতে জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইমন নামে এক স্কুলছাত্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের থানা পাড়ায় কিচেন ক্লাবের কাছে ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে।আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। চাকরির সুবাদে পরিবারটি কুষ্টিয়া শহরের থানা পাড়ায় ভাড়া বাসায় বসবাস করে।পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরে জাকিয়া। বাসার গেট খোলার অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে থাকার সময় কালো শার্ট পরা ইমন সেখানে এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে ছুরিটি ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, শহরের মজমপুর এলাকার বাসিন্দা ইমন দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে জাকিয়াকে উত্ত্যক্ত করে আসছিল। কোচিংয়ে পড়ার সময় থেকেই তাকে বিরক্ত করত ইমন। বিষয়টি অভিযুক্তের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য উত্ত্যক্ত করা বন্ধ করে। তবে অভিভাবকদের কাছে অভিযোগ করার জের ধরে পরিকল্পিতভাবে জাকিয়ার ওপর এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা পরিবারের।
জাকিয়ার মা সুমি আক্তার বলেন, “ইমন দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন আর বিরক্ত করেনি। আজ আমার মেয়ে স্কুল ছুটির পর বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় ছিল। এ সময় ইমন হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “আমি বর্তমানে অপারেশন থিয়েটারে অবস্থান করছি। ভুক্তভোগীর অবস্থা ভালো আছে। তার সেলাই চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”দীর্ঘদিনের উত্ত্যক্তের অভিযোগের পর এক স্কুলছাত্রীর ওপর এমন হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা।